বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ-রুপার অলংকার, নগদ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বন্দরের সোনাচড়া এলাকার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের একটি স্বর্ণের দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা সাত থেকে আটজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে। পরে দোকানদার ও সেখানে থাকা এক নারীকে জিম্মি করে স্বর্ণালংকার, রুপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৬ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্ত ও অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বন্দরের সোনাচড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন (৩২), মিজান (২৬), উত্তর লক্ষণখোলা এলাকার অনিক (২২), মুন্সিগঞ্জ সদর থানার শোলারচর এলাকার সুমন বেপারী (৩৮) এবং বন্দরের সোনাচড়া এলাকার রাজু আহমেদ (২৪)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ডাকাতির ঘটনায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। অপর দুজন ঘটনার সময় দোকানের বাইরে অবস্থান করছিলেন।
অভিযানে তাদের কাছ থেকে ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি রুপার অলংকার, স্বর্ণ ও রুপার প্রলেপ দেওয়া দুটি রুলি এবং একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতিতে ব্যবহৃত ১৮ ইঞ্চি ও ১২ ইঞ্চি লম্বা দুটি ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজে ডাকাতদের পরনে থাকা শার্ট, গেঞ্জি ও প্যান্টও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল .কম

আপনার মতামত লিখুন